আচ্ছা ধরুন আপনি ঠাণ্ডার দেশের মানুষ। সেখান থেকে আপনাকে বদলি করে দেওয়া হল
কর্কটক্রান্তির দেশে। তাহলে আপনার মন নিশ্চয়ই চাইবে একটু ঠাণ্ডার স্পর্শ পেতে। তখন
আপনার হাতে দুটো উপায় আছে- এক, যেখানে আপনাকে বদলি করা হয়েছে, তার আশেপাশের
ঠাণ্ডার জায়গা খোঁজা, অথবা শীতকাল অব্দি অপেক্ষা করা। কিন্তু সে দেশ যদি ভারতবর্ষ
হয়, উপরন্তু যদি বাল্যকালের কোলকাতা হয় আপনার বদলির জায়গা, তাহলে উপরের আশাগুলো
ছেড়ে আপনাকে ভরসা করতে হবে ঠাণ্ডা পানীয়, থুড়ি পানীয়ের মধ্যে দুই-এক টুকরো বরফের
জন্য। গরমের দেশে বসেই কাজ চালাতে হচ্ছে কোম্পানিকে। ঠান্ডার জায়গা বলতে দার্জিলিং
তখন ব্রিটিশদের দুরস্ত। কাজেই পানীয়ে ঠান্ডা বরফ মিশিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে
হচ্ছে তাদের। ১৮১৪ সালের জুলাই মাসের কথা। কোম্পানির দাক্ষিণ্যে হুগলীতে বসানো হল একটা
বরফের কল। অধিকাংশ সময়েই সেটা বিগড়ে যায়। তাই চৌরঙ্গীর কিংবা পার্ক স্ট্রিটে
সাহেব-কুঠিই হোক, বা হোটেল-রেস্তোরা; বরফ পাওয়া দুষ্কর হয়ে ওঠে। তাছাড়া হুগলী থেকে
৪০ কিলোমিটার পার করে কোলকাতায় সে বরফ আনতে আনতে তার গলনাঙ্ক পার হয়ে যায়। অবশেষে
১৮৩৩ সালের মে মাসে ঘটে গেলো একটা ঘটনা। সবে সকাল হয়েছে। হইচই পড়েছে তখন কোলকাতার
এক ঘাটে। বিশাল এক মার্কিন জাহাজ এসে থেমেছে হুগলী নদীর পাড়ে। শিকাগো থেকে চার
মাসে শত মাইল পার করে এসেছে কোলকাতাকে ঠান্ডা করতে। জাহাজের পেটে বরফ বোঝাই। বোস্টনের এক ব্যাবসায়ী ফ্রেডরিখ টিউডরের কৃপায়
সুদূর আমেরিকা থেকে “টাককানি” জাহাজে করে সেই বরফ এনেছেন ক্যাপ্টেন রোজারস। প্রায়
১০০ টন রপ্তানি করা হয়েছিল সেই বরফ। গরমের কোলকাতায় ত্রাতা হিসেবে রোজারস এসেছেন
কোম্পানিকে ঠান্ডা করতে। সুতরাং তার তো একটা সংবর্ধনা প্রাপ্য। বড়লাট বেন্টিঙ্কের
উদ্যোগে টাউন হলে ক্যাপ্টেনকে সংবর্ধনা দেওয়া হল। সাথে বেন্টিঙ্কের উদ্যোগে কোলকাতায়
তৈরি হল প্রথম কোল্ডস্টোরেজ। জনসাধারণের চাঁদায় তৈরি হল সেই বরফের গুদামঘর। ১৮৪৭
অব্দি মার্কিন থেকে বরফ রপ্তানি হয়েছিল প্রায় ৩০০০ টন। সেই বরফ জনসাধারণের মধ্যে
বিক্রি হত ১ পাউন্ড ৪ আনায়। এরপরের সরকার
বরফ নিয়ে আরো অনেকদূর এগোলেন। লখনউতে বসানো হল বরফের কল। হুগলীর ফ্যাকটরি ছিল
প্রাইভেট সেকটরে, লখনউর বরফ সরকারি কারখানা, পুরোপুরি পাবলিক সেকটারের প্রোডাক্ট।
সুতরাং গভরমেন্ট এরপর গর্ব করে বিজ্ঞাপন দিল, “Ice is now procurable at the Govt. Manufacturing,
Lucknow, at two annas per seer. The Govt. is now in a position to offer this
invaluable luxury to the public at a price which defies competition and special
attention is invited to the fact, that their principles are small profit and
quick returns.
Observe-Two annas per seer only’-Only two annas
per seer!”

Comments
Post a Comment